ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান। বিশেষ করে যেসব জেলায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ নেই সেই সমস্ত জেলা প্রাধান্য পাবে বলে মন্ত্রী জানিয়েছেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল ৬৪ জেলাকেই আমরা রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও ১০টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেলযোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেললাইন এবং তার সার্ভিস প্রসারিত করার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। সেটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য রেললাইন আমরা উপস্থাপন করেছি।
রেলমন্ত্রী বলেন, এরই মধ্যে আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি যেমন: আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া তো আছেই। একই সঙ্গে ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনারের প্রকল্প এরই মধ্যে পাস হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটা কিছু মিটারগেজ কিছু হচ্ছে ব্রডগেজ। মিটারগেজ যেখানে আছে বিশেষ করে, টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট এসব মিসিং লিংকে ডুয়েলগেজ ডাবল লাইন হবে। সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঢাকা থেকে কুমিল্লা একটা কর্ড লাইন হবে। এটাও খুব জরুরি সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটা বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে শেখ রবিউল আলম বলেন, সরকার এসব বাস্তবায়ন করার জন্য প্রকল্প গ্রহণ করবে।
এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেখানে রেল যোগাযোগ আছে, সেটাতো আছেই। যেখানে একেবারেই নেই, যেমন: মানিকগঞ্জ, ঢাকার কাছে, নেই। আমরা চাচ্ছি যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা অঙ্গীকার আমাদের আছে, যেমন: ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর। একই সঙ্গে, ঢাকা-মানিকগঞ্জ, ঢাকা-নরসিংদী; মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই। আমরা ঢাকা-মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন যুক্ত করতে, যাতে ঢাকা থেকে মানুষ তার ব্যবসা, কর্ম সবকিছু ছেড়ে পাশের জেলাগুলোতে দ্রুত আসতে পারে এবং যেতে পারে কাজ সেরে।
