চলতি বছরে প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচে নেমে নিষ্প্রভ থাকলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের প্রথম ম্যাচে আশানুরূপ ফুটবল প্রদর্শন করতে পারলো না ইন্টার মায়ামিও। বাংলাদেশ সময় আজ সকালে সন হিউং-মিনের লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে মেসিদের হার ৩-০ গোলে।
মৌসুমের প্রথম ম্যাচটিতে মেসির খেলা নিয়ে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত ১৮ই ফেব্রুয়ারি পুরোদমে অনুশীলনে ফিরে ম্যাচেও নামেন আর্জেন্টাইন মহাতারকা। হাইভোল্টেজ ম্যাচটি দেখতে এদিন লস অ্যাঞ্জেলেসের মাঠে উপস্থিত হন ৭৫ হাজার ৬৭৩ জন। নিয়মিত মৌসুমের ম্যাচে এটি দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। তবে ম্যাচ হলো এক তরফাই। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫ ম্যাচের মধ্যে প্রথমবার আর্জেন্টাইন জাদুকর মাঠে থাকলেও, জালের খোঁজ পেতে ব্যর্থ হলো মায়ামি। শেষবার এমন কিছু দেখা যায় সেই ১৩ই সেপ্টেম্বর। শার্লটের বিপক্ষে ওই ম্যাচেও ৩-০ ব্যবধানে হার দেখে মেসিরা।
গোলপোস্টে ১২টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে মায়ামি। অন্যদিকে, ১৫টির মধ্যে ৫টি শট লক্ষ্যে রাখে লস অ্যাঞ্জেলেস। বছরের প্রথম ম্যাচে বিবর্ণ ছিলেন ৩৮ বছর বয়সী মেসি। মায়ামির প্রাক-মৌসুমের সফরে ইকুয়েডরে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। সেখান থেকে ফেরার ম্যাচটি একদমই সুখকর হয়নি এ বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য। অন্যদিকে, নিজে গোল না পেলেও, ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন দক্ষিণ কোরিয়ান তারকা সন। ৩৮ তম মিনিটে তার অ্যাসিস্ট থেকেই দলকে এগিয়ে নেন স্বাগতিকদের ডেভিড মার্টিনেজ। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগে সহজ একটি সুযোগকে মেসি গোলে পরিণত করতে না পারায় হতাশ হয় আগত দর্শকরা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস অ্যাঞ্জেলেস।
মাঠে ফিরে আরেকটি অ্যাসিস্টও পেয়ে যাচ্ছিলেন সন। তবে সাবেক টটেনহ্যাম হটস্পার তারকার পাস থেকে জাল খুঁজে নিতে ব্যর্থ হন ডেনিস বুয়াঙ্গা। দ্রুতই প্রায়শ্চিত্ত করে ফেলেন এ গ্যাবন ফরোয়ার্ড। ৭৫তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। নির্ধারিত সময়ের যোগ করা চতুর্থ মিনিটে শেষ গোলটি করেন নাথান ওরদাজ।
শেষ মৌসুমে মায়ামির হয়ে ইতিহাস গড়ার পর পেশাদার ফুটবলকে বিদায় জানান জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। এদিন ফ্লোরিডার ক্লাবটিতে অভিষেক হয় মিডফিল্ডার ডেভিড আয়ালা, সেন্টারব্যাক মাইকেল ও রিয়াল মাদ্রিদের একাডেমি ফুটবলার সার্জিও রিগুইলনের। তবে নতুনদের দিয়েও আশানুরূপ ফল পেলো না মায়ামি। লীগে পরবর্তী ম্যাচে আগামী ২রা মার্চ ওরল্যান্ডো সিটির মাঠে খেলতে যাবে মেসিরা।
