পারমাণবিক অস্ত্র অর্জন করবে না ইরান, তেহরানের সম্মতি: দাবি ট্রাম্পের

পারমাণবিক অস্ত্র অর্জন করবে না ইরান, তেহরানের সম্মতি: দাবি ট্রাম্পের

ফন্ট সাইজ:

ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এ ব্যাপারে তেহরান সম্মত হয়েছে। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইরানের ভবিষ্যৎ পারমাণবিক কর্মসূচি কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে অনেক কিছুই অস্পষ্ট। একই সঙ্গে ইরান চুক্তির শর্ত পূরণ করলে দেশটির পুনর্গঠনের জন্য ৩০,০০০ কোটি ডলারের একটি তহবিল পাবে। এমন দাবিকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এ ব্যাপারে তারা সম্মত হয়েছে! এছাড়া যুক্তরাষ্ট্র ইরানকে কয়েক হাজার কোটি ডলার দিচ্ছে, এমন খবর ভুয়া সংবাদ। এটি ডেমোক্রেটরা ছড়িয়েছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) যে তথ্যগুলো এ পর্যন্ত প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে ইরান নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে দেশটির জব্দ হয়ে থাকা অর্থ ছাড়, নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানের পুনর্গঠনে সহায়তার জন্য ৩০,০০০ কোটি ডলারের একটি তহবিল গঠনের সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ব্যাখ্যা করেনি যে এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে, ইরান চুক্তি মেনে চলছে কি না তা যাচাইয়ের দায়িত্ব কার হাতে থাকবে এবং গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর নিচে মজুত থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কে ধ্বংস করবে বা সরিয়ে নেবে। সেসব প্রশ্নেরও উত্তর মেলেনি।

অন্যদিকে, ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার ১৯ জুন সমঝোতা স্মারক সই হওয়ার পরবর্তী ৬০ দিনের আলোচনার মধ্যেই ইরানের পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো হতে পারে। চুক্তিপত্রের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবিসি নিউজকে বলেছেন, হোয়াইট হাউস চলতি সপ্তাহেই চুক্তির অনুলিপি প্রকাশ করবে। তিনি বলেন, সবাই দেখতে পাবে যে ইরান তাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত তারা এক পয়সাও পাবে না। ইরানের পারমাণবিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের অবস্থানের প্রতিও সমর্থন জানিয়েছেন ভ্যান্স। তিনি বলেন, প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টা আবারও ফল দিয়েছে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য।

এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট প্রথম দিন থেকেই স্পষ্ট করে বলেছেন ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। যারা আমেরিকা ও প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘৃণা করে, তাদের অসংখ্য বাধা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আবারও মার্কিন জনগণের জন্য ফল বয়ে এনেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন