মেয়ের চিঠি পড়ে আপ্লুত মেক্সিকোর গোলরক্ষক, বিশ্বকাপের আড়ালের এক মানবিক গল্প

মেয়ের চিঠি পড়ে আপ্লুত মেক্সিকোর গোলরক্ষক, বিশ্বকাপের আড়ালের এক মানবিক গল্প

ফন্ট সাইজ:

বিশ্বকাপ মানেই আলো, উল্লাস আর কোটি মানুষের প্রত্যাশা। কিন্তু সেই ঝলমলে মঞ্চের পেছনে থাকে কিছু নীরব গল্প। ত্যাগ, ভালোবাসা আর পরিবারের অবিচল সমর্থনের কথা। ঠিক তেমনই এক হৃদয়ছোঁয়া মুহূর্ত তুলে ধরেছে ফিফার ডিজিটাল সিরিজ ‘লেটারস দ্যাট ইউনাইট’।
এবারের পর্বে অংশ নিয়েছেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। ক্যামেরার সামনে বসে তিনি পড়েছেন তার মেয়ে লুচিয়ানা ওচোয়ার লেখা একটি আবেগঘন চিঠি।
চিঠিতে লুচিয়ানা স্মরণ করেছে তার বাবার দীর্ঘ পথচলার কথা। একজন ফুটবলারের সংগ্রাম, স্বপ্ন আর দেশের জার্সি গায়ে মাঠে নামার গর্ব- সবকিছুই ফুটে উঠেছে মেয়ের সরল অনুভূতিতে। বাবাকে মেক্সিকোর হয়ে খেলতে দেখা এবং ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য নির্বাচিত হতে দেখা তার কাছে কতটা গর্বের, সেটিও তুলে ধরেছে সে।

ফিফার ‘লেটারস দ্যাট ইউনাইট’ সিরিজের উদ্দেশ্যই হলো ফুটবলের আড়ালে থাকা এই মানবিক গল্পগুলো তুলে ধরা। খেলোয়াড়দের সবচেয়ে কাছের মানুষদের কণ্ঠে শোনা যায় সংগ্রাম, ত্যাগ, অপেক্ষা এবং আনন্দের গল্প। এতে ফুটবল খেলার বাইরেও হয়ে ওঠে সম্পর্ক, আবেগ এবং মানুষের মধ্যে সংযোগের এক শক্তিশালী মাধ্যম।
ফিফার ভাষায়, ‘ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড’ পুরো বিশ্বকে এক করে। ওচোয়া ও তার মেয়ের এই মুহূর্ত যেন সেই বার্তাকেই স্মরণ করিয়ে দেয়। বিশ্বকাপের বিশাল মঞ্চে কোটি দর্শক একজন গোলরক্ষককে দেখেন। কিন্তু একটি ছোট্ট মেয়ে সেখানে দেখে তার বাবাকে। আর সেই দৃষ্টিই হয়তো ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন