কুষ্টিয়ায় ট্রাক সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে জামাই শাশুড়িসহ নিহত ৫

কুষ্টিয়ায় ট্রাক সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে জামাই শাশুড়িসহ নিহত ৫

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামাই-শাশুড়িসহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের বাইপাসের কুষ্টিয়া স্টোর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনার মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া (৪০), একই এলাকার আশরাফুল (৪৫) এবং তার স্ত্রী শিরিনা (৩০)। নিহত সিএনজিচালক জাকারিয়ার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর এলাকায়।

জানা গেছে, দুপুরে যাত্রীবোঝাই একটি অটোরিকশা শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ২ জন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার পর বাইপাস সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ টনা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ৫ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন