টর্নেডোর কবলে আর্জেন্টিনা

টর্নেডোর কবলে আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বড় ধরনের ঝড় ও টর্নেডো আতঙ্কের মুখে পড়েছে আর্জেন্টিনা। শনিবার রাতে তীব্র ঝড়ো হাওয়া ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুরো শহরজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেশ খোশমেজাজেই দেখা গেছে আলবিসেলেস্তে শিবিরকে। বিশেষ করে দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের একটি পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর কানসাস সিটির বাসিন্দাদের মুঠোফোনে জরুরি বার্তা পাঠিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার এবং জানালা থেকে দূরে থাকার নির্দেশ দেয়। শনিবার রাতে আর্জেন্টিনার খেলোয়াড়েরা যখন রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সবার মুঠোফোনে একসঙ্গে বেজে ওঠে জরুরি সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানায়, কানসাস ও এর আশপাশের এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মাইল (প্রায় ১২৮ কিলোমিটার) বেগে ‘ধ্বংসাত্মক বাতাস’ ও বজ্রঝড় আঘাত হানতে পারে।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক করে জানায়, বাতাসে উড়ে আসা যেকোনো শক্ত বস্তু খোলা জায়গায় থাকা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। যদিও শেষ পর্যন্ত মূল টর্নেডো শহরের কেন্দ্রস্থলে সরাসরি আঘাত করেনি, তবে তীব্র ঝড়ো হাওয়া এবং সামান্য ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এই বৈরী পূর্বাভাস অবশ্য আগে থেকেই জানা ছিল টিম ম্যানেজমেন্টের। সে কারণে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রস্তুতি সারতে আর্জেন্টিনার মঙ্গলবারের নির্ধারিত অনুশীলন পর্বটি কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়। তবে ঝড় যখন ক্যাম্পের বাইরে তাণ্ডব চালাচ্ছে, ভেতরের পরিবেশ ছিল একদম ভিন্ন। খেলোয়াড়েরা তখন মেতেছিলেন ঐতিহ্যবাহী ‘আসাডো’ বা বারবিকিউ পার্টিতে। ঝড়ের আবহের মাঝেই মাংস পোড়ানোর একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন গোলরক্ষক দিবু মার্তিনেজ। ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘সব বাধা উপেক্ষা করে।’ দুর্যোগের মুখেও দলের এমন ফুরফুরে মেজাজ দেখে স্বস্তি পেয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা। এর আগে তিন দিন আগেই কানসাস, ইন্ডিপেনডেন্স ও ওভারল্যান্ড পার্কের মতো জনবহুল এলাকায় ‘টর্নেডো ৩০৩’ আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের মাটিতে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচটিও অ্যালাবামার স্টেডিয়ামে প্রবল বৃষ্টির কারণে মাঠেড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও উন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে ম্যাচটি সময়মতো শুরু করা সম্ভব হয়।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, বজ্রপাত বা তীব্র ঝড় হলে খেলা অন্তত আধা ঘণ্টার জন্য বন্ধ রাখার প্রোটোকল রয়েছে, যাকে বলা হয় ‘ওয়েদার ডিলে’। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, এবারের বিশ্বকাপে এই নিয়মের মুখোমুখি দলগুলোকে বারবার পড়তে হতে পারে। সব ঝড়-ঝাপটা সামলে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন