৭০৯ দিন পর জার্মানির জার্সিতে নয়্যার

৭০৯ দিন পর জার্মানির জার্সিতে নয়্যার

ফন্ট সাইজ:

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার কলঙ্ক মুছতে আজ কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে জার্মানি। সেই মিশনের প্রাণভোমরা হিসেবে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ম্যানুয়েল নয়্যার। সবশেষ ২০২৪ সালের ৫ই জুলাই ঘরের মাঠে ইউরোতে মাঠে নামেন নয়্যার। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচ হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। গত মাসে নাগেলসম্যানের ডাকে অবসর ভাঙেন নয়্যার। দিনের হিসেবে দীর্ঘ ৭০৯ দিন পর সাদা-কালো জার্সিতে মাঠে নামবেন নয়্যার। নামার সঙ্গে সঙ্গে জার্মানির ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়বেন এই কিংবদন্তি গোলকিপার।

গত মাসে পাওয়া পায়ের কাফ মাসলের চোট পুরোপুরি কাটিয়ে উঠেছেন নয়্যার। কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে নয়্যারকে শুরুর একাদশে রাখার কথা জানিয়ে নাগেলসম্যান বলেন, ‘সে ম্যাচের শুরু থেকেই খেলার জন্য সম্পূর্ণ ফিট। মাঝখানে কিছুটা ছন্দের অভাব থাকলেও এখন ও নিজের চেনা ছন্দে ফিরেছে। আমরা ওকে প্রচণ্ড বিশ্বাস করি। বিশ্বকাপে ভালো করতে হলে নয়্যারের সেরা পারফরম্যান্স আমাদের খুব দরকার।’

এপ্রিলে চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত কিছু সেভ করেন নয়্যার। বায়ার্ন মিউনিখের হয়ে সেই ম্যাচে কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়রদের একের পর এক শট যেভাবে রুখে দেন। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস নয়্যারের প্রশংসা করে বলেন, ‘ভিনিসিয়াসের মতো ফরোয়ার্ডও যখন ওয়ান-টু-ওয়ানে নয়্যারকে সামনে একা পায়, তখন সে-ও কিছুটা নার্ভাস হয়ে পড়ে।’

জার্মানির হয়ে নয়্যারের অভিষেক ২০০৯ সালে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৪ ম্যাচ। জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তাঁর। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস। ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে নয়্যারের পঞ্চম বিশ্বকাপ। কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন