বিশ্বকাপে আলোচনায় সাবেক ও বর্তমান দুই পর্নো তারকা। তারা হলেন মিয়া খলিফা ও লানা রোডস। ১২ই জুন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে তাদের একটি ছবি। সেখানে দেখা যায়, সাবেক পর্নো তারকা, বর্তমানে মডেল ও ফ্যাশন ব্র্যান্ডের মালিক মিয়া খলিফা যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাতে লস অ্যানজেলেসের সোফাই স্টেডিয়ামে উপস্থিত। তার পাশে আরেক পর্নো তারকা লানা রোডস। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া ওই ছবিতে মনে হচ্ছিল, যুক্তরাষ্ট্রের ৪-১ ব্যবধানে প্যারাগুয়েকে হারানোর ম্যাচটি তারা গ্যালারিতে বসেই উপভোগ করেছেন। কিন্তু বাস্তবে বিষয়টি মোটেও তেমন ছিল না। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের জোড়া গোল তারা মাঠে বসে দেখেননি। কারণ পরে জানা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল।
যদিও মিয়া খলিফার ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্ট থেকেই অনেকে আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে ছবিটি ভুয়া, তবু তিনি নিজেই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করার সিদ্ধান্ত নেন। ভাইরাল হওয়া ছবিটি নিয়ে করা একটি পোস্টে মন্তব্য করে মিয়া খলিফা লিখেছেন, ‘এটা এআই (দিয়ে তৈরি ছবি)। আমাকে কখনোই টিম ইউএসএ’র টুপি পরে দেখা যাবে না।’ ইংরেজিতে এটা ছিল ৯ শব্দের একটি বাক্য। এই মন্তব্যের মাধ্যমেই তিনি ছবিটির সত্যতা অস্বীকার করেন। তবে মিয়া খলিফা যেখানে ছবিটি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, সেখানে লানা রোডস পরিস্থিতি সামলেছেন ভিন্নভাবে। তিনি বরং এআই দিয়ে তৈরি ছবিটিকে ঘিরে মজার ছলে প্রতিক্রিয়া জানান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, বিশ্বকাপে নিজের দেশকে সমর্থন জানাতে বের হয়েছি। ছবিটি যে এআই দিয়ে তৈরি, তা নিশ্চিত হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা রসিকতা করা থামাননি। একজন লিখেছেন, এখন বুঝতে পারছি কেন প্যারাগুয়ে অর্ধেক মাঠে খেলছিল। পুরো দল ভিআইপি গ্যালারির দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল। এটা তো কৌশলগত যুদ্ধ! আরেকজন মন্তব্য করেন- ওহ, এখন বুঝলাম কেন যুক্তরাষ্ট্র জিতছিল! অন্যদিকে মাঠের খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মরিসিও পোচেত্তিনোর দল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের শুরুতেই প্যারাগুয়ের ডামিয়ান বোবাদিয়া ভুল করে ওয়েস্টন ম্যাককেনির ক্রস নিজেদের জালে জড়িয়ে ফেললে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
এরপর যুক্তরাষ্ট্র চাপ আরও বাড়াতে থাকে। ফোলারিন বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও কিছুক্ষণ পর তিনি আর ভুল করেননি। ক্রিশ্চিয়ান পুলিসিচের পাস থেকে দারুণ এক আক্রমণ শেষ করে ব্যবধান বাড়ান তিনি।
