অভিযান শুরুর আগে এক ধাক্কা খেলো ইংল্যান্ড ফুটবল দল। মাঠের লড়াই শুরুর আগে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেকায়দায় থমাস টুখেলের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে থ্রি লায়নদের বিশ্বকাপ ক্যাম্পে চুরির ঘটনা ঘটেছে। সেখান থেকে উধাও হয়ে গেছে দলের অফিশিয়াল ম্যাচ বুট এবং টুর্নামেন্টের জন্য নির্ধারিত বল!
শুক্রবার ফ্লোরিডার প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির ‘সোপ সকার ভিলেজ’ ট্রেনিং বেসে যাওয়ার পথে এই চুরির ঘটনা ঘটে।
খেলোয়াড়রা আলাদাভাবে ভ্রমণ করলেও দলের কিট ও অন্যান্য সরঞ্জাম বহনকারী গাড়িটি আগেই কানসাস পৌঁছায়। সেখানেই গাড়ি ভেঙে মালামাল লুট করে চোরেরা। কানসাস সিটি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘আমরা একটি দলের যানবাহন থেকে সরঞ্জাম চুরির সম্ভাব্য ঘটনার তদন্ত করছি। আজ সন্ধ্যায় কানসাস সিটিতে পৌঁছানো ওই গাড়ি থেকে বেশ কিছু জিনিস নিখোঁজ রয়েছে। তদন্ত এখনো চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই ব্যক্তিকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে।’ আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। তার আগে রোববার কানসাস সিটিতে নিজেদের প্রথম পুরোদস্তুর অনুশীলনে নামার কথা হ্যারি কেইন-জুড বেলিংহামদের।
