ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের অভিষেকেই ইনিংসে ৫ উইকেট নেয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে সেই স্বপ্ন পুরোপুরি পূরণ না হলেও বল হাতে দারুণ এক শুরু করেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২ রান খরচায় তিনি শিকার করেছেন ৩ উইকেট। হাসান মাহমুদ ও কেথ ডডজিওনের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা। মাত্র ৮৭ রানেই গুটিয়ে গেছে তারা। ফলে প্রথম ইনিংস শেষে ৯১ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে হাসান মাহমুদের দল কেন্ট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৬৯ ওভার ব্যাট করে ১৭৮ রান সংগ্রহ করেছিল কেন্ট। দলের হয়ে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে ৮ বলে ৬ রানে অপরাজিত থাকেন হাসান। ল্যাঙ্কাশায়ার ব্যাটিংয়ে নামার পর ম্যাচের ১৯তম ওভারে প্রথমবারের মতো হাসানের হাতে বল তুলে দেন কেন্টের অধিনায়ক ড্যানিয়েল ড্রুমন্ড।
নিজের প্রথম ওভারে উইকেট না পেলেও দ্বিতীয় ওভারেই ব্রেকথ্রু এনে দেন এই বাংলাদেশি পেসার। ব্যক্তিগত প্রথম শিকার হিসেবে তিনি ফেরান মার্কাস হ্যারিসকে। এরপর কেন্টের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন ল্যাঙ্কাশায়ারের তারকা ব্যাটার লিয়াম লিভিংস্টোন। তবে হাসান তাকে বেশি দূর এগোতে দেননি। হাসানের অফ স্টাম্পের বাইরের একটি বল লিভিংস্টোনের ব্যাটের কোণায় লেগে উইকেটরক্ষকের দস্তানায় জমা পড়ে। পরবর্তীতে জোসেফ মুরসকেও সাজঘরের পথ দেখান তিনি। সব মিলিয়ে ৬ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন হাসান। প্রথম ইনিংসে ৫ উইকেটের মাইলফলক ছোঁয়া না হলেও ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংসে সেই সুযোগ থাকছে হাসানের সামনে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কেন্টের জার্সিতে কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো হাসান মাহমুদের।
