উদ্বোধনী ম্যাচেই ভাঙছে ব্রাজিলের ৪০ বছরের ঐতিহ্য

উদ্বোধনী ম্যাচেই ভাঙছে ব্রাজিলের ৪০ বছরের ঐতিহ্য

ফন্ট সাইজ:

৯২ বছরের এক অপরাজেয় রেকর্ড অক্ষুণ্ণ রাখার মিশন, সঙ্গে ৪০ বছরের এক দীর্ঘ ঐতিহ্যের অবসান—এমনই এক রোমাঞ্চকর সমীকরণ নিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ ভোর ৪টায় ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মরক্কো।

ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার রূপ নিয়েছে মিনি ব্রাজিলে। খেলা শুরুর বহু আগেই সেখানে ভিড় করেছেন শত শত ব্রাজিলিয়ান সমর্থক। হলুদ-সবুজ জার্সিতে নেচে-গেয়ে পুরো এলাকা মাতিয়ে রেখেছেন তারা।

তবে এই ম্যাচ দিয়েই ব্রাজিল ফুটবলে অবসান ঘটছে এক সোনালী ঐতিহ্যের। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি আগেই জানিয়েছেন, এ ম্যাচে থাকছেন না পোস্টার বয় নেইমার জুনিয়র। ফলে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো প্রথাগত ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামবে ব্রাজিল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি কিংবদন্তি জিকো। আজ খেলতে না পারলেও, দলের সঙ্গেই মাঠে উপস্থিত আছেন দলের প্রানভোমরা নেইমার।

পরিসংখ্যান অবশ্য পুরোপুরি ব্রাজিলের পক্ষে। বিশ্বকাপে সেলেসাওরা সর্বশেষ তাদের প্রথম ম্যাচে হারে ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে স্পেনের বিপক্ষে (৩-১)। এরপর ৯ দশক ধরে উদ্বোধনী ম্যাচে অপরাজিত তারা। অন্যদিকে, মরক্কো এর আগে ছয়টি বিশ্বকাপ খেললেও কখনো নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি। ৩ হারের বিপরীতে তাদের সঙ্গী ৩টি ড্র। এখন দেখার বিষয়, ১০ নম্বর জার্সি ছাড়াই ব্রাজিল তাদের অপরাজেয় ধারা ধরে রাখতে পারে, নাকি মরক্কো ভাঙে তাদের উদ্বোধনী ম্যাচের জুজু।

ব্রাজিল একাদশ:
আলিসন বেকার (গোলকিপার), ইবানিয়েজ, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনহা।


মরক্কো একাদশ:

ইয়াসিন বুনু (গোলকিপার), আশরাফ হাকিমি, ইসা দিওপ, শাদি রিয়াদ, নুসাইর মাজরাউই, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আইনাউই, ইসমায়েল সাইবারি, আজাদ্দিন ওনাহি, ব্রাহিম দিয়াজ, ইসমায়েল সাইবারি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন