দ্বিতীয় জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের

আইএইচএফ ট্রফি হ্যান্ডবল

দ্বিতীয় জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের

ফন্ট সাইজ:

আইএইচএফ ট্রফিতে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। গতকাল পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রাউন্ড রবিন লীগের তৃতীয় ম্যাচে নেপালকে ৩৯-২৫ গোলে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশের দাপুটে জয়ের মূল কারিগর ছিলেন জেবে দাই বম ও ডেভিড বম। দুজনেই সর্বোচ্চ ৭টি করে গোল করেন। টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতেন বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জেবে দাই বম। আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষেও সেরা খেলোয়াড় হন তিনি। আন্তর্জাতিক টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা হয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই তরুণ তুর্কি। অবশ্য নেপালের বিপক্ষে দুর্দান্ত খেললেও জেবে দাই বমের আক্ষেপ ভারত ম্যাচ নিয়ে। ভারতের কাছে হারা ম্যাচে বাংলাদেশের হয়ে একাই ১৮ গোল করেন জেবে। গতকাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভারতের কাছে হেরে ভীষণ খারাপ লেগেছিল। জয়-পরাজয়ের ব্যবধানটা মাত্র ৪ গোলের ছিল।

আমরা ওই ব্যবধান কাটিয়ে ম্যাচটি বের করে আনতে পারতাম। আজকের পারফরম্যান্সে ১০-এর মধ্যে নিজেকে ৫ দেবো। সত্যি বলতে, আজ আমি দলের জন্য খেলেছি, বাংলাদেশের জন্য খেলেছি। নিজের জন্য কখনো খেলবো না। আমি মনেপ্রাণে চেয়েছিলাম আমার বদলে দলের অন্য কেউ যেন ম্যাচসেরার পুরস্কারটা পাক।’ টুর্নামেন্টে ৩ ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। আজ দুপুর ১টায় রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার রেসে টিকে থাকতে এই ম্যাচটি স্বাগতিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানদের নিয়ে জেবে দাই বলেন, ‘আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী দল। ভারতের বিপক্ষে বা আজ যেভাবে খেলেছি, ওদের বিরুদ্ধেও ঠিক সেই আগ্রাসী ছন্দটাই ধরে রাখতে চাই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন