বিড়ালের জন্য ২০ মিনিট থামলো মেট্রো চলাচল

বিড়ালের জন্য ২০ মিনিট থামলো মেট্রো চলাচল

ফন্ট সাইজ:

মেট্রোরেলের লাইনে এবার ঢুকে পড়েছে একটি বিড়াল। ফলে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বিড়াল উদ্ধারের পর ফের চালু হয় মেট্রোরেল। রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনে শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেল। এর আগেও বিভিন্ন সময়ে লাইনে অনাকাঙ্ক্ষিত বস্তু পড়ে থাকায় সাময়িক বন্ধ রাখা হয় মেট্রোরেল।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে যেকোনো প্রাণীর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। স্টেশনগুলোতে মুহূর্তের মধ্যেই তৈরি হয় অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে অনেকেই বাধ্য হয়ে স্টেশন ছেড়ে বের হয়ে যান। এ সময় নতুন করে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হয়নি।

এর আগে গত বছরের ২১শে নভেম্বর মেট্রোরেল লাইনের ওপর থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ সময়েও ট্রেন চলাচল বন্ধ ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি। এর একদিন পর উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝখানে মেট্রোরেল লাইনের ওপর একটা ড্রোন পড়ে থাকতে দেখা যায়।

ফলে তখনো মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। গত ১৪ই এপ্রিল উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে; গত বছরের ৩রা ডিসেম্বর উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ওসিএসের ওপর কাপড় পড়ে; ২রা নভেম্বর পল্লবী থেকে মিরপুর-১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাহির থেকে বৈদ্যুতিক তার পড়ে; ২৫শে নভেম্বর সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝখানে মেট্রোরেল লাইনের ওপর একটি ব্যাগ পাওয়া যায়। সবক্ষেত্রেই মেট্রোরেল চলাচল ১৫ থেকে ৪০ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন