চোটের কারণে ফুটবলারদের ছিটকে যাওয়ার খবর তো হরহামেশাই শোনা যায়। এবার বিশ্বকাপের একজন ম্যাচ অফিশিয়ালকে সেই ভাগ্য বরণ করতে হলো। ছিটকে গেলেন ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার। গ্রুপ ‘ই’-এর আইভরি কোস্ট বনাম ইকুয়েডর ম্যাচে তার বাঁশি বাজানোর কথা ছিল। তবে ফিলাডেলফিয়ার মাঠে নামার আগেই এক চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন ৪১ বছর বয়সী এই বৃটিশ অফিশিয়াল। ফিফার অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, অলিভারের পরিবর্তে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ফ্রান্সের ফঁ্রাসোয়া লেতেক্সিয়েকে। তবে সুখবর হলো, অলিভারের এই চোট গুরুতর নয়।
তিনি পুনরায় মাঠে ফেরার জন্য প্রস্তুত হবেন বলে আশা করছে ফিফা। অলিভারের এই অনুপস্থিতি কেবল তাকে নয়, ধাক্কা দিয়েছে পুরো বৃটিশ রেফারিং টিমকে। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল স্টুয়ার্ট বার্ট এবং জেমস মেইনওয়ারিংয়ের। অলিভার ছিটকে যাওয়ায় নিয়মানুযায়ী এই দুই লাইনসম্যানকেও মাঠের বাইরে থাকতে হচ্ছে। তাদের পরিবর্তে ফরাসি রেফারি লেতেক্সিয়ের সহকারী হিসেবে যোগ দিচ্ছেন সিরিল মুনিয়ার এবং মেহদি রাহমুনি। তবে সৌদি আরবের খালিদ আলতুরাইস এবং মোহাম্মদ আলাবাকর যথাক্রমে চতুর্থ অফিশিয়াল ও রিজার্ভ সহকারী হিসেবে অপরিবর্তিত থাকছেন।
২০১০ সাল থেকে প্রিমিয়ার লীগ এবং ২০১৮ সাল থেকে উয়েফার এলিট প্যানেলে আছেন অলিভার। বড় টুর্নামেন্টের চাপ ও উত্তেজনা প্রসঙ্গে দুই বছর আগে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে যে, আমরা ম্যাচের ৫ মিনিট আগে আসি আর ম্যাচ শেষে চলে যাই। আসলে ভুলত্রুটি এড়াতে আমরা আড়ালে প্রচুর পরিশ্রম ও অনুশীলন করি।’
২০২২ বিশ্বকাপ এবং ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচ সামলানো অলিভার দ্রুত সুস্থ হয়ে টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেই মাঠে ফিরবেন-এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের।
