কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার বিকালে উপজেলার দত্তগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর দত্তগ্রাম এলাকার অজিব উল্লাহর ছেলে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় মনু নদীতে মাছ ধরার সময় মুজিবুরের ওপর গুলি চালানো হয়। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য জয়নুল ইসলাম এবং শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, গুলিতে মুজিবুর মারা গেছেন এমনটি স্বজনরা তাদের জানিয়েছেন। মৃতদেহ ভারতের ত্রিপুরার ঊনকোটি জেলা হাসপাতালে আছে। কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এই যুবক নিহত হয়েছেন কিনা তিনি নিশ্চিত করেননি। মৌলভীবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আসিফ মহিউদ্দিন জানান, কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে গুলির খবর পেয়েছেন। বিএসএফ এই যুবককে ভারতীয় হাসপাতালে নিয়ে গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন