নোয়াখালীতে প্রবাসী পরিবারকে অবরুদ্ধ করে হয়রানির অভিযোগ

নোয়াখালীতে প্রবাসী পরিবারকে অবরুদ্ধ করে হয়রানির অভিযোগ

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জে এক প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, হয়রানি ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘটনার পর সন্ত্রাসীর হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। শনিবার সকালে অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী রাজিউল হাসান এমন অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১লা জুন উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোয়ারিয়া গ্রামের কোয়ারিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী প্রবাসী সূত্রে জানা যায়, গত ১লা জুন প্রবাসী পরিবারের সদস্যরা নিজেদের পুকুরপাড়ে মাটি ফেলে সংস্কারের কাজ শুরু করলে শহীদ আলম ও কামরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

পরে সেখান থেকে তারা বাড়িতে গিয়ে ভাঙচুর করে প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুর উদ্দিন কাশেমকে মারতে তেড়ে এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাঞ্ছিত করে। এবং পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করে। এ সময় প্রবাসী রাজিউলের বাবাকে হত্যা করে লাশ গুম করা এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া টানা তিনদিন বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন তারা। ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্যরা জানায়, প্রবাসী রাজিউল গত ২১শে মে দেশে আসেন। তার অপর এক ভাইও প্রবাসে থাকেন।

দীর্ঘদিন ধরে তাদের গ্রামের বাড়িতে পরিবারের কেউ স্থায়ীভাবে বসবাস করেন না। যে কারণে এলাকায় কতিপয় ব্যক্তি বিএনপি’র দলীয় পরিচয় ব্যবহার করে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে আমাদের সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। উল্লেখ্য, প্রতিবেশী শহীদ আলম ও কামরুল ইসলামের পরিবারের সঙ্গে আমাদের ভূমি সংক্রান্ত দু’টি দেওয়ানি মামলা চলমান রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান বলেন, তারা আমাদের জায়গায় জোরপূর্বক ঘাটলা নির্মাণের চেষ্টা করলে আমরা বাধা দেই। তারা বেআইনিভাবে আমাদের জমি দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে তারা আদালতে গেলে রায় আমাদের পক্ষে আসে। এ বিষয়ে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন