‘এআই ব্যবহার করে বিমান মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হচ্ছে’

‘এআই ব্যবহার করে বিমান মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হচ্ছে’

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তার প্রধান লক্ষ্য ছিল বিমানবন্দরে প্রবাসীসহ সব ধরনের যাত্রীর সেবার মান বৃদ্ধি এবং যাত্রী হয়রানি দূর করা। বিমানবন্দরগুলোতে সেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতের তুলনায় দেশের বিমানবন্দরগুলোর সার্বিক পরিবেশ ও সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যাত্রীসেবা আরও সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সম্প্রতি আলোচিত একটি ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, প্রচারিত বিষয়টি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। রিতা বলেন, বছরের পর বছর ধরে সঞ্চিত নানা সমস্যা ও জটিলতার সমাধান অল্প সময়ে সম্ভব নয়। তবে এসব সমস্যা দ্রুত সমাধানে সরকার ও মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আস্থাশীল ও সুনামসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ফলে বিমান খাতের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং যাত্রীরা এর সুফল ভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মানিকগঞ্জ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, ডা. আরিফুর রহমান, ডা. শহিদুল আজমসহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন