বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল। আমরা সবসময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। গত শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা প্রেস ক্লাবের ভবন উদ্বোধন শেষে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল।

বিগত একটা সময়ে প্রত্যেকটা সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। তখন তিনি সকল সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। সকল সাংবাদিককেও স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে। শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছর সাংবাদিকরা গুলি উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। তৎকালীন বিএনপি পাশে দাঁড়িয়েছেন। উনারা যদি সঠিক সংবাদ পরিবেশন না করতেন তাহলে সারা দেশের মানুষ জানতো না স্বৈরাচারের দ্বারা মানুষ কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। বিএনপি’র এই নেত্রী বলেন, ৫ই আগস্টে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল, সেই সংবাদটি সাংবাদিকরা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন।

বিভিন্ন আন্দোলন সংগ্রামের সংবাদ পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন উপজেলা গ্রামে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন সেই সংবাদ পরিবেশন করেছেন। এজন্য দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। সাংবাদিক পেশাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র পেশা আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা যেমন সংবাদ প্রকাশ করতে পারেন আবার অনেক সাংবাদিক অনেক সংবাদপত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন হচ্ছে। অনেক সময় এআই ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে প্রকাশ করা হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

এর আগে ফিতা কেটে ও দোয়ার মধ্যদিয়ে প্রেস ক্লাবে ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেয়া হয়। সালথা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মামুন সরকার, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, হাসান আশরাফ প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন