ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে তার একটি লাগেজ হারিয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হারিয়ে যাওয়া লাগেজের বিষয়ে জানতে তিনি আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলা অফিসে যান। এ সময় হজ কাফেলা কর্তৃপক্ষ জানায়, হারিয়ে যাওয়া লাগেজের দায়ভার সংশ্লিষ্ট হজযাত্রীর নিজের। এ ঘটনায় হজ কাফেলা কর্তৃপক্ষের কিছু করার নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই জেরে শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, সকাল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) এবং কসবা থানা পুলিশ কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
