ময়মনসিংহের নান্দাইলে পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা ও তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং স্থানীয় সাংবাদিক সংগঠনসমূহ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতায় প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রতিনিয়ত জ্ঞান ও দক্ষতাকে হালনাগাদ করে পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করে। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে হলে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলানো জরুরি। আয়োজকরা জানান, কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এ ছাড়া মাল্টিমিডিয়া জার্নালিজম, ফ্যাক্ট চেক (তথ্য যাচাই) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালায় ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন জিএম মোস্তাফিজুল আলম, সাহানোয়ার সাইদ শাহীন ও আলী আকবর (তাওসিফ আকবর)। প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
