বাংলাদেশ সরকারের ‘ন্যাশনাল গ্রিন মিশন’ প্রকল্পে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ও পৌর প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ন আহবায়ক একেএম সিরাজুল হক, জামাতে ইসলামী ফুলপুর শাখার আমীর গোলাম কিবরিয়াসহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে ফুলপুর-শেরপুর রোডের মোড়ে গাছের চারা রোপনের সময় ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। জানা যায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল-ক্ষমতায় এলে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।
