ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচ শেষে চট্টগ্রামে নিজের বাসায় ফেরার পথে জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতের এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব। একই সঙ্গে ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়েছেন মুশফিক, লিটন, তাসকিনদের মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।
জানা গেছে, সাভারের বিকেএসপিতে ম্যাচ খেলে চট্টগ্রামে পৌঁছালে লালখান বাজারের কাছে নাঈমের গাড়ি থামায় পুলিশ। পরিচয় দেয়ার পরও তার সাথে বৈরী আচরণ করা হয় এবং পাইপ দিয়ে পেটানো হয়। পরবর্তীতে খুলশী থানায় নিয়ে গিয়েও তার ওপর দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে এক বিবৃতিতে বিসিবি এই অশোভন আচরণের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। বোর্ড জানায়, নাঈম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। অন্যদিকে, কোয়াব জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে।
সতীর্থের এমন লাঞ্ছনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম একে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে লিখেছেন, ‘ঘটনাটি আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে।’ পেসার তাসকিন আহমেদ ‘ন্যক্কারজনক’ এই ঘটনার দ্রুত বিচার চেয়েছেন। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস নাঈমের পাশে দাঁড়িয়ে লিখেছেন, ‘দেশের কোনো নাগরিকেরই এমন আচরণ প্রাপ্য নয়।’
এদিকে, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, জড়িত এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
