ইতিহাসের সামনে কানাডা, স্বাগতিক বধের ছকে ‘বলকান ড্রাগন’

ইতিহাসের সামনে কানাডা, স্বাগতিক বধের ছকে ‘বলকান ড্রাগন’

ফন্ট সাইজ:

ইতিহাসের সামনে দাঁড়িয়ে কানাডা। মাত্র কয়েক ঘণ্টা পর প্রথমবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে তারা। আজ রাত ১টায় টরন্টো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে সহ-আয়োজকদের প্রতিপক্ষ ‘বলকান ড্রাগন’ খ্যাত বসনিয়া ও হার্জেগোভিনা।

১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি কানাডা। কোচ জেসি মার্শের অধীনে শেষ ১৭ আন্তর্জাতিক ম্যাচের মাত্র একটিতে হারলেও, শেষ চার ম্যাচেই ড্র করেছে র‍্যাঙ্কিংয়ের ৩০ নম্বরে থাকা দলটি। স্বাগতিকদের বড় ধাক্কা তারকা ডিফেন্ডার আলফোনসো ডেভিসের হ্যামস্ট্রিং চোট। এ কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বায়ার্ন মিউনিখ তারকার। তবে জোনাথন ডেভিডের হাত ধরে ঐতিহাসিক প্রথম জয়ের খোঁজে থাকবে স্বাগতিকরা। তাদের সবচেয়ে বড় শক্তি টরন্টো স্টেডিয়ামের ৪৫ হাজারেরও বেশি দর্শক।

অন্যদিকে ৬৫ র‍্যাঙ্কিংয়ের দল বসনিয়া দীর্ঘ ১২ বছর পর ফিরেছে বিশ্বমঞ্চে। বাছাইপর্বের প্লে-অফে ওয়েলস ও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে টিকিট কেটেছে তারা। যুদ্ধবিধ্বস্ত দেশে বড় হওয়া এই দলটির কোচ সের্গেই বারবারেস প্রতিপক্ষকে কঠিন লড়াইয়ের বার্তা দিয়ে রেখেছেন।

বসনিয়ার মূল ভরসা ৪০ বছর বয়সী অভিজ্ঞ অধিনায়ক এডিন জেকো, যিনি শৈশবে বোমা হামলায় নিহত বন্ধুদের এই বিশ্বকাপ উৎসর্গ করেছেন। বুন্ডেসলিগার দল শালকের হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ৬ গোল করা জেকোকে প্রীতি ম্যাচে বিশ্রাম দেয়া হয়। লক্ষ্য, এই স্বাগতিক বধের ছক কষা। আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনো এই দুই দল মুখোমুখি হয়নি। চোট ও গোলখরায় ভোগা দুই দলের এই ঐতিহাসিক লড়াইয়ে তাই স্পষ্ট ফেভারিট কেউ নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন