বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্ল্যাটফর্মে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এবারের বাজেটে চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও তৈরির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপনায় এসব প্রস্তাব দেন মন্ত্রী।
প্রস্তাবিত বাজেট বরাদ্দের তালিকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় এবারের বাজেটে বরাদ্দ বেড়েছে এ অঙ্গনের জন্য। চলতি অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মূল বাজেট বরাদ্দ ছিল ৮২৪ কোটি টাকা।
তবে সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় ৭৫৩ কোটি টাকায়। প্রস্তাবিত এই বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৪৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৩৪১ কোটি টাকা। পূর্বাচলে ১৬০ একরের বিশাল ক্রিয়েটিভ হাব তৈরির পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, থিয়েটার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করা হবে।
এ লক্ষ্যে পৌঁছাতে বাজেটে চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও তৈরির প্রস্তাব করা হয়েছে।
