একেবারে পয়সা উসুল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ যাকে বলে! একটি নয়, দুটি নয়, তিন-তিনটি লাল কার্ড। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার স্কোরলাইন ২-০। তবে সব ছাপিয়ে ম্যাচের লাল কার্ডের সংখ্যা। বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এতদিন সর্বোচ্চ লাল কার্ড দেখা গেছে সর্বোচ্চ দুটি। আজ তৈরি হলো নতুন ইতিহাস।
ম্যাচের ৪৯তম মিনিটে মেক্সিকোর গুতিয়েরেজকে ফাউল করে প্রথম লাল কার্ডটি দেখেন দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোলে। ততক্ষণে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এই ম্যাচ। কেননা, বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে এর আগে লাল কার্ড দেখা গেছে মাত্র দুই আসরে, ১৯৯০ ও ১৯৯৪। এটি তেমন তৃতীয় আসর। তবে নাটক তখনও কেবল শুরু।
হিমিনেজের গোলের পর তখন ২-০তে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ৮৪তম মিনিটে মেক্সিকোর আলভারাডোকে আঘাত করে বসেন থেম্বা জোয়ান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চেকের পর দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জোড়া লাল কার্ডের দ্বিতীয় নজির দেখা যায় তখন।
অতপর সংখ্যাটাকে বাড়িয়ে ৩-এ নিয়ে যান মেক্সিকান অধিনায়ক সিজার মন্তেস। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের একজনকে অপ্রয়োজনীয় ফাউল করে বসেন তিনি। ফলাফল, মন্তেসকেও সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
উদ্বোধনী ম্যাচের ইতিহাসে ১৯৯০ বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার বিপক্ষে ক্যামেরুনের আন্দ্রে কানা-বিয়িক ও বেঞ্জামিন মাসিং সেবার জোড়া লাল কার্ড দেখেন। এরপর ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে বলিভিয়ার মার্কো এচেভেরির এমন অভিজ্ঞতা হয়। এবারের আসর তো সেসব ছাড়িয়েই গেল!
বিশ্বকাপের পরবর্তী ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ম্যাচটি শুরু হবে আগামীকাল (১২ই জুন) সকাল ৮টায়।
