নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতরা হলেন- ভাড়াটিয়া আব্দুল মান্নান মিয়া (৫০), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে সিয়াম (৯) ও মেয়ে মিম (১১)।
এ ছাড়া, পাশের রুমের হযরত আলী (১০) নামে এক শিশু আহত হয়েছেন। আহতদের মধ্যে সুলতানা ও তার মেয়ে মিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ। জানা গেছে, মদনপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের চাঁনপুর এলাকার আক্তার হোসেনের একতলা বাড়িতে মান্নান মিয়া তার পরিবার নিয়ে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মান্নানের স্ত্রী সুলতানা রান্নাঘরের দরজা-জানালা না খুলে রান্না করতে চুলায় আগুন জ্বালায়।
এ সময় হঠাৎ আগুন বাসার চারপাশে ছড়িয়ে পড়লে একই পরিবারের চারজনসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাহিদ জানান, এলপিজি সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস ছড়িয়ে ছিল। এ সময় রান্না করতে চুলায় আগুন জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিদগ্ধ মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
