হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা। বিশেষ করে স্টেশন রোড, দাউদনগর বাজার, নতুন ব্রিজ এলাকা ও ড্রাইভার বাজারে এসব যানবাহনের অবাধ চলাচল ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের। স্থানীয়রা জানান, সকাল থেকে রাত পর্যন্ত স্টেশন রোড ও ড্রাইভার বাজার এলাকায় শত শত ব্যাটারিচালিত রিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।
অনেক সময় রাস্তার দুই পাশ দখল করে রাখায় অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হয়। ফলে সামান্য দূরত্ব অতিক্রম করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। যানজটের কারণে জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগীবাহী এম্বুলেন্স ও অন্যান্য যানবাহনও আটকে পড়ছে। দাউদনগর বাজার ও নতুন ব্রিজ এলাকার বাসিন্দাদের অভিযোগ, সড়কের বিভিন্নস্থানে রিকশা দাঁড়িয়ে থাকায় স্বাভাবিক চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
অনেক সময় রিকশাচালকদের মধ্যে যাত্রী নেয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ যানজটের কারণে অনেক ক্রেতা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পথচারীদের অভিযোগ, ব্যাটারিচালিত রিকশার জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড বা পার্কিং ব্যবস্থা না থাকায় চালকরা ইচ্ছেমতো সড়কের বিভিন্নস্থানে অবস্থান করছেন। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলো ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৌরসভা, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
