রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিদিনই জমিজমা বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক সমস্যা ও প্রশাসনিক জটিলতাসহ নানা অভিযোগ নিয়ে সেবাপ্রার্থীরা উপস্থিত হন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসব অভিযোগ শুনে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।
তবে সপ্তাহের প্রতি বুধবার উপজেলা প্রশাসনের কার্যক্রমে যুক্ত হয় বিশেষ একটি মাত্রা। এদিন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় জটিল বিরোধ নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী গণশুনানির আয়োজন করা হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোকে আগেই নোটিশের মাধ্যমে উপস্থিত করা হয় এবং তাদের বক্তব্য, নথিপত্র ও আইনগত দিক বিবেচনা করে বিরোধের গ্রহণযোগ্য সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই শুনানিতে আলোচনার মাধ্যমে অনেক দীর্ঘদিনের বিরোধের সমাধান হচ্ছে বলে জানা গেছে। আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে স্থানীয় পর্যায়ে দ্রুত সমস্যা নিষ্পত্তির সুযোগ পাওয়ায় স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। একইসঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, সরকার কর্তৃক নির্ধারিত গণশুনানির দিন প্রতি বুধবার হলেও মানুষ প্রতিদিনই বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা প্রশাসনের কাছে আসেন। আমরা প্রতিদিনই মানুষের কথা শুনি, তাদের সমস্যার বিষয়ে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেয়ার চেষ্টা করি। তবে যেসব বিষয় তুলনামূলক বড়, জটিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকে, সেগুলো বুধবারের গণশুনানিতে আনা হয়।
সাম্প্রতিক একটি বড় বিরোধের সফল সমাধান হয়েছে জানিয়ে ইউএনও বলেন, ‘স্বনির্ভর রাঙ্গুনিয়া এলাকার একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও জটিলতা আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। এ ছাড়া হোছনাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকের রাস্তা নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানেও আমরা কাজ করছি। বিষয়টি এখনো পুরোপুরি নিষ্পত্তি না হলেও সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমাধানের লক্ষ্যে চেষ্টা অব্যাহত রয়েছে।
জনসেবাকে আরও কার্যকর ও মানবিক করতে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের এই বিশেষ গণশুনানি কার্যক্রমকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। প্রতি বুধবারের এই আয়োজন কেবল বিরোধ নিষ্পত্তির মাধ্যম নয়, বরং প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও সুশাসনের একটি কার্যকর সেতুবন্ধন হিসেবেও ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
