মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দখলে সরাসরি সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘাত হয়েছে ইসলামি রেভ্যুলুশনারি গার্ডস করপসের (আইআরজিসি)। এসময় আইআরজিসির কঠিন প্রতিরোধের মুখে পিছু হঠতে বাধ্য হয় মার্কিন বাহিনী। তবে সেন্টকম জানিয়েছে তাদের কোনো যুদ্ধযান আঘাতপ্রাপ্ত হয়নি। এরপরেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সব ধরণের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা জানায়, আঞ্চলিক নিরাপত্তাহীনতার দরুণ, হরমুজ প্রণালিতে সকল ধরণের বাণিজ্যিক জাহাজ এবং জ্বালানিবাহী ট্যাংকার চলাচল বন্ধ থাকবে।
এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আইআরজিসি আরো জানায়, কোনো জাহাজ যদি পার হবার চেষ্টা করে তবে তাদের টার্গেট করা হবে। যদিও মার্কিন সামরিক প্রতিরক্ষা দপ্তর সেন্টকম এই দাবিকে নাচক করে দিয়ে বলেছে, প্রণালিটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। তবে আইআরজিসি মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করেছে। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, হরমুজ পার হতে চাওয়া ২টি জাহাজকে আটকে দেয়া হয়েছে। জেপি মর্গানের মতে সংঘাত শুরু হবার পর থেকে পূর্বের তুলনায় শুধু ১৫ ভাগ জাহাজ প্রণালিটিতে চলাচল করতে সক্ষম হয়েছে।
