যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে ধর্মঘট এড়াতে চুক্তি

যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে ধর্মঘট এড়াতে চুক্তি

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় গোটা বিশ্ব। তবে সহ-আয়োজক খোদ মার্কিন মুলুকে এই মহাযজ্ঞের পর্দা ওঠার আগেই তৈরি হয় এক বড়সড় জটিলতা। লস অ্যানজেলেসের বিখ্যাত সোফি স্টেডিয়ামের ২,০০০ কর্মী একাট্টা হন ধর্মঘটের ডাক দিতে। অবশেষে সেই মেঘ কেটে গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের ঠিক আগমুহূর্তে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘লিজেন্ডস গ্লোবাল’-এর সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে শ্রমিক ইউনিয়ন।
‘ইউনাইট হেয়ার লোকাল ১১’ নামক এই ইউনিয়নের আওতায় আছেন স্টেডিয়ামের বারটেন্ডার, বাবুর্চি ও পরিবেশনকারীরা। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মুখে কর্মক্ষেত্রে বাড়তি নিরাপত্তা এবং বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার ছিলেন তারা। নতুন চুক্তি অনুযায়ী, অধিকাংশ কর্মীর ঘণ্টাপ্রতি মজুরি দাঁড়াবে ৪০ ডলার বা তার বেশি। ইউনিয়নের সহ-সভাপতি কুর্ট পিটারসেন সংবাদ সম্মেলনে বিজয়ের সুরে বলেন, ‘এই কর্মীরাই আসল বীর। তারা ফিফা এবং আইসিই উভয়ের সামনেই বুক চিতিয়ে দাঁড়িয়েছেন এবং এক ঐতিহাসিক চুক্তি ছিনিয়ে এনেছেন। এখন তারা বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত। চুক্তির শর্তানুযায়ী, কর্মস্থলে ফেডারেল অভিবাসন সংস্থার কোনো তৎপরতা যদি কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেয়ার আইনি অধিকার এখন তাদের রয়েছে।’

এই চুক্তিটির মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত, যা অলিম্পিকের আগেই শেষ হবে। তবে শুধু লস অ্যাঞ্জেলেস নয়, আটলান্টা বা মায়ামির মতো অন্যান্য আয়োজক শহরেও ফুটবলপ্রেমীদের আনন্দ যেন ফিকে না হয়, সেজন্য বিশ্বকাপ চলাকালে অভিবাসন সংক্রান্ত কড়াকড়ি শিথিলের দাবি উঠেছে। সোফি স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচসহ মোট আটটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন