বিশ্বকাপের উদ্বোধনী দিনকে ঘিরে কী হচ্ছে মেক্সিকোতে

ফন্ট সাইজ:

বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনের অপেক্ষায় যখন পুরো বিশ্ব রোমাঞ্চিত, ঠিক তখনই এক নজিরবিহীন অচলাবস্থার মুখোমুখি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম এড়াতে ব্যতিক্রমী কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের দিন রাজধানীর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে, সরকারি চাকুরিজীবীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম। বেসরকারি খাতকেও একই পথ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট শিনবাউম বলেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী দিনে যেন কোনো রকম যানজট বা সমস্যা ছাড়াই পুরো অনুষ্ঠান সম্পন্ন করা যায়, সেজন্যই এই ডিক্রি জারি করা হয়েছে।’ তবে এই অচলাবস্থার পেছনে কেবল ফুটবল উন্মাদনাই নয়, রয়েছে বড় ধরনের রাজনৈতিক উত্তাপ। বেতন বৃদ্ধি ও পেনশন সংস্কারের দাবিতে মেক্সিকোর জাতীয় শিক্ষক ইউনিয়ন (সিএনটিই) জোকালো স্কয়ারের ‘ফিফা ফ্যান ফেস্ট’ প্রাঙ্গণে তাঁবু খাটিয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভকারীরা ইতিমধ্যেই স্টেডিয়াম অভিমুখে একটি বিশাল মার্চ করেছে। আন্দোলনে অংশ নেয়া ২০ বছর বয়সী এক নারী শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উদ্বোধনের দিন বড় ধরনের আন্দোলনের জোরালো সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের চেয়ে সরকারের উচিত সাধারণ মানুষের জীবনের দিকে বেশি মনোযোগ দেয়া।’ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো জয়ী হলে ফুটবল ভক্তদের উন্মাদনা এবং আন্দোলনরত শিক্ষকদের মুখোমুখি অবস্থান এক ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোকালো স্কয়ারে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ক্রিস্তোবাল লারিওস বলেন, ‘শিক্ষকদের প্রতিবাদ এ পর্যন্ত বেশ সহিংস ছিল। উদ্বোধনী দিনে যেকোনো ধরনের সংঘর্ষের আশঙ্কা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন