ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আস্থাহীনতায় বিপুল টাকা উত্তোলনের মধ্যেই এই নিয়োগ দেয়া হলো। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশ্রাফুল আলমকে এ পদে নিয়োগ দেয়া হয়। তিনি ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে কাজ করবেন।
ব্যাংক কোম্পানি আইনের ৪৯(১)(ঘ)(আ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ দিয়েছে। পর্যবেক্ষক হিসেবে আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ দেবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
