চকরিয়ায় পুলিশ পরিচয়ে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, অর্থ-স্বর্ণালংকার লুট

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ পরিচয়ে ফের এক কারারক্ষীর বাড়িতে র্দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চাঁদের বাপের পাড়া এলাকার মাওলানা ফয়জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার গৃহকর্তা ফয়জুলের ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ কুমিল্লা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী কারারক্ষী আব্দুল্লাহ আল মুস্তাহিদ জানান, দিবাগত রাত ২টার দিকে একদল সশস্ত্র লোক তাদের বাড়ির দরজায় এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে বাড়িতে ‘আসামি আছে’ বলে তারা জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। এসময় সময় বাড়িতে অবস্থান করছিলেন মুস্তাহিদের ছোট বোন জামাই ওবায়দুল হক, যিনি নিজেও ফেনী জেলা কারাগারের কারারক্ষী। কারারক্ষী মুস্তাহিদ আরও জানান, পুলিশ পরিচয় দেয়া ডাকাত দলের হাতে অস্ত্রগুলো সরকারি অস্ত্র নয় বলে বুঝতে পারেন ওবায়দুল হক।

এসময় দ্রুত বাড়ির নারী সদস্যদের নিরাপদ হেফাজতে নেয়ার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। পরে তারা প্রতিটি কক্ষে ঢুকে আসবাবপত্র তছনছ করে ব্যাপক তল্লাশি চালায়। ডাকাতরা বাড়ি থেকে চার জোড়া স্বর্ণের কানের দুল, নগদ ৩০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। মাওলানা ফয়জুল মানবজমিনকে বলেন, ৩ জন অস্ত্রধারী বাড়িতে প্রবেশ করলেও এসময় কমপক্ষে আরও ৪/৫জন ডাকাত বাড়ির বাইরে অবস্থান করছিল। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির বিষয়টি জানতে পেরেছি। তবে তারা পুলিশ নাকি ডাকাত তদন্তের জানা যাবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন