বিশ্বকাপ শেষ ওয়েসলির, ব্রাজিল দলে নতুন মুখ

বিশ্বকাপ শেষ ওয়েসলির, ব্রাজিল দলে নতুন মুখ

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মূল পর্বের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় ধরনের ধাক্কা খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুর গুরুতর পেশির চোটে পড়ে আসর থেকে পুরোপুরি ছিটকে গেলেন সেলেসাওদের ২২ বছর বয়সী উদীয়মান ফুলব্যাক ওয়েসলি। তবে সবাইকে চমকে দিয়ে এই ডিফেন্ডারের পরিবর্তে স্কোয়াডে একজন মিডফিল্ডারকে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এদেরসনকে দলে অন্তর্ভুক্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রোববার ভোরে মিশর মুখোমুখি হয় ব্রাজিল। ২-১ ব্যবধানে জেতা সেই ম্যাচের স্রেফ পঞ্চদশ মিনিটেই বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট পান ওয়েসলি। পরে চোখের পানিতে মাঠ ছাড়েন এএস রোমার এই রক্ষণভাগের তারকা। পরীক্ষা-নিরীক্ষা ও এমআরআই স্ক্যানে তার চোটের ভয়াবহতা ধরা পড়ে, যা তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। এক বিবৃতিতে গভীর হতাশা প্রকাশ করে সিবিএফ জানায়, ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে ওয়েসলি দলের সবার হৃদয়ে থাকবেন।

এদিকে, রাইট ব্যাক ওয়েসলির বিকল্প হিসেবে ডিফেন্ডারকে না নিয়ে মিডফিল্ডার এদেরসনকে দলে নেয়া নিয়ে ফুটবল মহলে কিছুটা বিস্ময় তৈরি হয়েছে। তবে এর পেছনে কোচ আনচেলোত্তির বিশেষ কৌশল কাজ করছে। ব্রাজিলের রক্ষণভাগে মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের মতো তারকাদের পাশাপাশি দানিলো এবং ইবানেজ রয়েছেন। তারা সেন্টার ব্যাক ও ফুল ব্যাক উভয় পজিশনেই ডানপ্রান্ত সামলাতে পারদর্শী। ফলে বাড়তি ডিফেন্ডারের চেয়ে মাঝমাঠের শক্তি ও ট্যাকটিকাল নিয়ন্ত্রণ বাড়াতেই আতালান্তায় দুর্দান্ত ফর্মে থাকা এদেরসনকে বেছে নিয়েছেন ইতালিয়ান অভিজ্ঞ কোচ।

ছুটি কাটানোর সময় হঠাৎ জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি এদেরসনের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। কাম্পো গ্রান্দেতে থাকায় রিও ডি জেনিরোতে ফেলে আসা পাসপোর্ট দ্রুত বন্ধুদের সহায়তায় সাও পাওলোতে আনান তিনি। পরে যুক্তরাষ্ট্রের বিমান ধরেন এই ২৬ বছর বয়সী তারকা। বাংলাদেশ সময় আজ বিকালেই নিউ জার্সিতে দলের সঙ্গে যোগ দিয়ে প্রথম অনুশীলনে নামার কথা রয়েছে এদেরসনের।

জাতীয় দলে সুযোগ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ওয়েসলি, আমরা তোমার পাশে আছি।

আগামী ১৩ই জুন রাতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। ‘সি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন