রোববার রাত থেকে ইসরাইল জুড়ে মোট ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরাইলের সামরিক বাহিনীর বরাতে টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়ছে নয়তো খোলা মাঠে পড়েছে।
এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে মার্কিন বাহিনীও সাহায্য করেছে বলে আইডিএফ নিশ্চিত করেছে। ইরানের সর্বশেষ এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লেবাননে অবিরাম হামলা চালানোর জেরে রোববার রাত থেকে ইসরাইল জুড়ে হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সোমবার সকালে ইসরাইলে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
পরবর্তী সময়ে এসব হামলার প্রতিশোধ নিতে ইসরাইলি বাহিনী ইরানে দুই দফায় হামলা চালিয়েছে।
গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ও ইসরাইলের মধ্যে প্রথমবারের মতো সরাসরি হামলার ঘটনা ঘটলো। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি প্রায় ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে এবং নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে।
