আইনজীবী আমিনুল গণি টিটুর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত: চিফ প্রসিকিউটর

আইনজীবী আমিনুল গণি টিটুর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত: চিফ প্রসিকিউটর

ফন্ট সাইজ:

প্রবীণ আইনজীবী আমিনুল গণি টিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একদিনের জন্য বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, আমিনুল গণি টিটু ঢাকা আইনজীবী সমিতির একজন স্মরণীয় আইনজীবী ছিলেন এবং ট্রায়াল লয়ার হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “গতকাল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর সংবাদ শুনে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। দুই ট্রাইব্যুনালের বিচারক মহোদয়রাও এ ঘটনায় ব্যথিত। আমরা তার জানাজায় অংশগ্রহণ করেছি এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি।”

তিনি আরও বলেন, তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দুই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের কাছে এদিনের বিচারিক কার্যক্রম মূলতবি রাখার অনুরোধ করা হয়। পরে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ বিচারিক কার্যক্রম না চালানোর সিদ্ধান্তের কথা জানায়।

তিনি আরও জানান, “আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের কার্যক্রম থেকে বিরত রয়েছি। আগামীকাল থেকে যথারীতি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম চলবে।” বক্তব্যে আমিনুল গণি টিটুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

চিফ প্রসিকিউশন পক্ষের ভাষ্য, আমিনুল গণি টিটু আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বিচারপ্রার্থী মানুষের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক। দেশে দক্ষ ট্রায়াল আইনজীবীর যে সংকট রয়েছে, তার মধ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন