২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত

২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত

ফন্ট সাইজ:

২০ বছর পর প্রথমবার নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া। তিনি হলেন হান সিয়ং-সুক। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং রোববার তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। পার্লামেন্টে অনুমোদন পেলে তিনি হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বর্তমানে হান সিয়ং-সুক ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং স্টার্টআপ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বুধবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের দল বড় ধরনের সাফল্য পাওয়ার পর এই মনোনয়ন দেয়া হলো। তবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি রাজধানী সিউলের মেয়র নির্বাচনে বিরোধী দলের কাছে পরাজিত হয়েছে।

নির্বাচনকে ঘিরে বিতর্কও সৃষ্টি হয়েছে। দেশজুড়ে ৫০টি ভোটকেন্দ্রে ব্যালটপেপার সংকট দেখা দেয়ায় নির্বাচন তদারকি সংস্থার প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন এবং জটিল বৈশ্বিক সংকটের কারণে দেশ বর্তমানে একটি বড় কৌশলগত পরিবর্তনের মুখোমুখি। এই সময়ে প্রবৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার দায়িত্ব নেয়ার জন্য প্রেসিডেন্ট হান সিয়ং-সুক’কেই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করেছেন।

হানের মনোনয়নের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। তবে ৩০০ সদস্যের জাতীয় পরিষদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বড় কোনো নৈতিক বিতর্ক বা কেলেঙ্কারি সামনে না এলে তার অনুমোদন পাওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অনুমোদন পেলে ৫৮ বছর বয়সী হান সিয়ং-সুক দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হবেন। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন হান মিয়ং-সুক। তিনি ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী কিম মিন-সক ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন