রোববার ইসরাইলের সেনাবাহিনী গাজায় কমপক্ষে ১৩ জনকে হত্যা করেছে। গাজা উপত্যাকার বিভিন্ন স্থানে হামলা চালানো হলে নিহত হন তারা। এই হামলাগুলো হলো মিশরের আয়োজনে হতে যাওয়া ইসরাইলের সঙ্গে হামাসের আলোচনার ঠিক আগে। রোববার গাজার আল মাওয়াসি, খান ইউনুস ও দেইর আল বালাহতে হামলা চালানো হয়। ইসরাইল ও হামাসের মধ্যে ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি হয়। কিন্তু চুক্তির কোনো শর্তই পুরোপুরি মানেনি কোনো পক্ষ।
এদিকে মিশর, কাতার ও তুরস্ককে হামাস জানিয়েছে যেকোনো সমাধানের জন্য অবশ্যই ইসরাইলি হামলা পুরোপুরি বন্ধ হতে হবে। যুদ্ধবিরতি চলাকালে প্রায় ৯৪৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এছাড়াও আহত হয়েছেন আরো প্রায় ২৯০০ জন। ইসরাইলি কর্তৃপক্ষ গাজা উপত্যকার প্রায় ৬৪ ভাগ নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রিত এলাকা থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হয়। ২৮ মে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের পরিকল্পনা হলো গাজার ৭০ ভাগ নিয়ন্ত্রণে নেয়া।
