রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার ভুক্তভোগী পরিবারের পক্ষের আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহত শিশুদের পরিবারের মধ্যে আলোচনার ভিত্তিতে যৌথভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ যে সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছিল, সেগুলোও বহাল থাকবে। এর পাশাপাশি প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৭শে মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে ঘটনার তদন্ত এবং ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়। নবজাতকদের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আদ্-দ্বীনকে শোকজের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় দিল স্বাস্থ্য অধিদপ্তর: এদিকে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে দেয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় বৃদ্ধি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৯ই জুন বিকাল ৫টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব জমা দিতে হবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্বে জারি করা কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদানের সময়সীমা আগামী ৯ই জুন বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে একই চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদানের এ পর্যায়ে ব্যক্তিগত শুনানি গ্রহণের কোনো আইনগত সুযোগ নেই।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ৪ঠা জুন শোকজ নোটিশ জারি করা হয়েছিল। পরে সময় বৃদ্ধির আবেদন করলে তা বিবেচনায় নিয়ে ৪৮ ঘণ্টা অতিরিক্ত সময় দেয়া হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে।
