২০ ওভার খেলে সংগ্রহ ১১০ রান। পুঁজিটা মামুলি মনে হতে পারে তবে ধারালো ও নিখুঁত বোলিংয়ে এ পুঁজিটাই অসামান্য করে তুললো বাংলাদেশের মেয়েরা। গতকাল নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে অনবদ্য এক জয় পায় বাংলাদেশ ‘এ’ নারী দল। থাইল্যান্ডে পাকিস্তান ‘এ’ নারী দলকে মাত্র ৫৬ রানে গুঁড়িয়ে দেয় ফাহিমা-তৃষ্ণা-মেঘলারা । ফলে ৫৪ রানের দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ। আগামীকাল শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজ মেয়েরা। এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত।
ম্যাচ শেষে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ফাহিমা খাতুন বলেন, ‘ফাইনাল নিশ্চিত করতে পেরে ভালো লাগছে। আর একটা দিন বাকি। আশা করছি ফাইনালেও ভালো করে যে উদ্দেশে এসেছি সেটা পূরণ করতে পারবো।’ প্রথমে ব্যাট করে অল্প পুঁজি হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘পুরো বিভাগই ভালো করেছে। উইকেট স্লো ছিল। সেই অনুযায়ী ১১০ ভালো স্কোর ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম। বোলাররা ভালো করেছে।’
ব্যাংককের টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। দলীয় ৩৯ রানের মাথায় বিদায় নেন দুই ওপেনার। শামীমা সুলতানা ১৩ ও ইশমা তানজিম ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফেরেন। দশম ওভারে তৃতীয় উইকেট পড়ে বাংলাদেশে। ২০ বলে ১৫ রান করে আউট হন শামিমা সুলতানা। তার বিদায়ের পর ব্যাটিং লাইনে ধস নামে। একপর্যায়ে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। খাদের কিনারায় থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক ফাহিমা খাতুন। তার ৩২ বলে ৪০ রানের ইনিংসে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের পুঁিজ পায় বাংলাদেশ। লতা মণ্ডল, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, সাদিয়া আক্তার এবং ফাহেমা জাহানের কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। পাকিস্তানের হয়ে হাফসা খালিদ ও ওমাইমা সোহেল সমান ২ উইকেট নেন।
স্বল্প পুঁিজ নিয়ে বল করতে এসে রীতিমতো মুগ্ধতা ছড়ান বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের ব্যাটারদের চেপে ধরেন। ইনিংসের তৃতীয় ওভারে ইমান নাসিরকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসে প্রথম আঘাত হানেন ফারিহা তৃষ্ণা। দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। পরের ওভারে হুরাইনা সাজ্জাতকে রানের খাতা খোলার আগেই শিকারে পরিণত করে সানজিদা আক্তার মেঘলা। সপ্তম ওভারে উইকেট শিকারের উৎসবে যোগ দেন অধিনায়ক ফাহিমা খাতুন। ব্যক্তিগত ১৪ রানে শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন তিনি। নবম ওভারে রান আউটের শিকার হন গুল রুখ। ২৯ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে আর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ফাহিমা খাতুন ও ফাতেমা জাহানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। ব্যাটিংয়ে ৪০ রান করার পর বল হাতে ২ উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন। তবে সবচেয়ে সফল বোলার সানজিদা আক্তার মেঘলা। ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারায় টাইগ্রেসরা। এতে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয় ফাহিমা খাতুনের দল।
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
