১৭ মাসে কমপক্ষে ৪৬০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

১৭ মাসে কমপক্ষে ৪৬০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে ১৭ মাসে যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে ৪৬০০ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরে এ পর্যন্ত মোট ১০৭৬ জন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালে মোট ৩৫৬৭ জনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

অভিবাসন বা ইমিগ্রেশন ইস্যু দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে, বিদেশে অবৈধভাবে বসবাসরত কোনো ব্যক্তি যদি কোনো দেশের নাগরিক হিসেবে শনাক্ত হন, তাহলে তাকে নিজ দেশে ফিরিয়ে নেয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। গত বছর সংসদে দেয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি কেবল ভারতের অনুসৃত কোনো নীতি নয়; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি সাধারণভাবে স্বীকৃত নীতি। তবে এ ধরনের প্রত্যাবাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয়তা যাচাই করা আবশ্যক।

মন্ত্রণালয় আরও জানায়, যেসব ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করছেন অথবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বসবাস করছেন বলে চিহ্নিত হয়েছেন, তাদের ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব ব্যক্তিকে ফেরত পাঠানোর জন্য চিহ্নিত করা হয়, তাদের তালিকা ভারতীয় সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা ও যাচাই করে। কেবলমাত্র যাদের ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়, তাদেরই ফেরত নেয়া হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন