মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে

ফন্ট সাইজ:

২০ মিনিট বাড়ছে মেট্রোরেল চলাচলে সময়। দিনের শেষ সময় অর্থাৎ, রাতে শেষ ট্রেনগুলো এবার বিশ মিনিট বিলম্বে ছেড়ে আসবে উত্তরা ও মতিঝিল থেকে। আজ রোববার থেকেই বাড়ছে সময়। সমপ্রতি মেট্রোরেলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে সাড়ে ১০টায়। উত্তরা থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৫০মিনিটে। এখন মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ে ১০টা ১০ মিনিটে। আর উত্তরা থেকে ছাড়ে রাত সাড়ে ৯টায়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সময় বাড়ানোর লক্ষ্যে গত এক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আজ থেকে যাত্রী পরিবহন শুরু হবে।

তবে শুরুতে বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল একটি ট্রিপ দেবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মাঝখানে বিরতি থাকবে ১০ মিনিটের। বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান- ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, রাতে মতিঝিল থেকে ১১টায় সর্বশেষ ট্রেন চালানোর একটা পরিকল্পনা ছিল। অন্যদিকে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা ছিল ১০টার পরে। কিন্তু একসঙ্গে এত সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি কর্তৃপক্ষ। তাই উভয় দিকে ২০ মিনিট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ডিএমটিসিএল’র পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, আগামীকাল (রোববার) থেকে রাতে উভয় দিক থেকে ২০ মিনিট বাড়তি চলাচল করবে। পর্যায়ক্রমে সময় বাড়ানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের উচ্চপর্যায় থেকে।

এরআগে, গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। সে সময় সকালে মেট্রোরেল আধাঘণ্টা আগে চালু করা হয়। রাতে শেষ ট্রেনের সময় আধঘণ্টা বাড়ানো হয়। বর্তমানে সারা দিনে ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল চলাচল করে। এখন রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়লে ট্রিপের সংখ্যাও বাড়বে। উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য এখন ২৪ সেট ট্রেন আছে। প্রতি সেটে ছয়টি কোচ। বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন