‘আগামী স্থানীয় নির্বাচনে সরকারকে তাদের লাল কার্ড দেখানো হবে’

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে হ্যাঁ ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে। কিন্তু ৭৫ শতাংশ হ্যাঁ ভোটের পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্তু আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। বলেছিলাম নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করবো কিন্তু নারায়ণগঞ্জের এক নম্বর গড ফাদার আইভীকে তারা মুক্তি দিয়েছে। শনিবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি’র রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকাল ৩টায় ওই সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত এক থেকে দেড় শতাধিক যুবক সভামঞ্চ ভাঙচুর করে। এ সময় উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন আহত হয়। এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার মতো গুণ্ডার মোকাবিলা করেছি। আর কোনো গুণ্ডা আমাদের ভয় দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছিল এখানে আসলে আমার জীবনের উপর ঝুঁকি হতে পারে কিন্তু আমি বলেছি মৃত্যু হলেও আমি এখানে আসবো। যদি আমার ভাইয়ের উপর হওয়া এই হামলার বিচার না হয় তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এর জবাব চাইবো।

তিনি বলেন, আমি রূপগঞ্জের প্রেমে পড়ে গেছি। কিন্তু জানতে পারলাম এই রূপগঞ্জে মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছি, এনসিপি ক্ষমতায় এলে রূপগঞ্জে এই সমস্যা আগামীদিনে আর থাকবে না। অনুষ্ঠানে উপজেলা এনসিপি নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর সেলের সাখাওয়াত হোসেন তারেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন