বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু ১০ই জুন

বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু ১০ই জুন

ফন্ট সাইজ:

আগামী ১০ ও ১১ জুন ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডেনিম এক্সপোর ২০তম আসর। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ডেনিম শিল্পকে প্রস্তুত করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির ১০ই জুন দুই দিনব্যাপী এই এক্সপোর উদ্বোধন করবেন। এতে ১০টিরও বেশি দেশের ৫০টিরও বেশি প্রদর্শক অংশ নেবেন।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘প্রদর্শকরা শুধু তাদের উদ্ভাবনী পণ্যই প্রদর্শন করবেন না, বরং এমন নতুন ধারণাও উপস্থাপন করবেন যা ডেনিম শিল্পের ভবিষ্যৎকে রূপ দিচ্ছে।’

এই আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'Frontline to Future' (সম্মুখসারি থেকে ভবিষ্যতের পথে)। প্রতিপাদ্য সম্পর্কে মোস্তাফিজ উদ্দিন বলেন, 'চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পোশাক শিল্প বৈশ্বিক ফ্যাশনের সম্মুখ সারিতে দাঁড়িয়ে চাপ সামলেছে, প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বিশ্বকে মূল্য সরবরাহ করেছে। এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো হাজির হচ্ছে দৃঢ় প্রত্যয়ী প্রতিপাদ্য নিয়ে— Frontline to Future।'

তিনি আরও বলেন, 'এই প্রতিপাদ্য কেবল বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থানেরই প্রতিফলন নয়, এটি একটি ঘোষণা — আমরা কোথায় যাচ্ছি তার। সবুজ ও দায়িত্বশীল বিনিয়োগ থেকে শুরু করে স্বল্পোন্নত দেশ উত্তরণ-পরবর্তী বাণিজ্য চুক্তি নেভিগেট করা, শ্রমশক্তির ন্যায়সংগত রূপান্তর থেকে পোশাকের বাইরে পণ্য বৈচিত্র্য আনা — বাংলাদেশ ভবিষ্যতের অপেক্ষায় নেই, বাংলাদেশ ভবিষ্যৎ গড়ছে।'

এক্সপোর দুই দিনে প্রদর্শনীর পাশাপাশি ৫টি প্যানেল আলোচনা আয়োজন করা হবে। আলোচনার বিষয়গুলো হলো :
১. 'Negotiating the Future: Trade Agreements and Bangladesh Apparel in the Post-LDC Era' (ভবিষ্যৎ নিয়ে আলোচনা: স্বল্পোন্নত দেশ উত্তরণ-পরবর্তী যুগে বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক শিল্প)
২. 'Stitching the Future: Just Transition in Bangladesh's Apparel Industry' (ভবিষ্যৎ সেলাই: বাংলাদেশের পোশাক শিল্পে ন্যায়সংগত রূপান্তর)
৩. 'Beyond Apparel: Product Diversification as the Key to the Future Economy' (পোশাকের বাইরে: ভবিষ্যৎ অর্থনীতির চাবিকাঠি হিসেবে পণ্য বৈচিত্র্য)

৪. 'Financing the Future: Unlocking Green and Responsible Investment in Bangladesh's Denim & Apparel Sector' (ভবিষ্যতের অর্থায়ন: বাংলাদেশের ডেনিম ও পোশাক খাতে সবুজ ও দায়িত্বশীল বিনিয়োগ) এ ছাড়া বেটার ওয়ার্ক বাংলাদেশ ‘Better Work Bangladesh’ এর উদ্যোগে 'Woven in Data: The Past and Future of Bangladesh's Global Competitiveness' (তথ্যের বুননে: বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার অতীত ও ভবিষ্যৎ) শিরোনামে একটি বিশেষ প্যানেল আলোচনাও আয়োজন করা হবে।

দেশ-বিদেশের জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারক, ক্রেতা, শিল্প নেতা এবং বিশেষজ্ঞরা বাংলাদেশের পোশাক শিল্পের একটি টেকসই ভবিষ্যৎ গড়তে প্যানেল আলোচনাগুলোতে অংশগ্রহন করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন