আর মাত্র ৫ দিন। আগামী ১১ই জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এই উন্মাদনায় এবার মানুষের সঙ্গে শামিল হয়েছে বনের পশু! উদ্বোধনী ম্যাচে কে জিতবেÑতা নিয়ে মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানার পশুদের এক অদ্ভুত ও মজার ভবিষ্যদ্বাণী করার আয়োজন এখন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফুটবল ম্যাচগুলোর ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল ‘পল দ্য অক্টোপাস’। ঠিক ১৬ বছর পর এবার সেই পলের স্মৃতি ফিরিয়ে আনলো মেক্সিকোর দুটি হাতি। গুয়াদালাজারা চিড়িয়াখানার ভেতরে তৈরি করা হয় একটি কৃত্রিম মিনি ফুটবল মাঠ। সেখানে দুই পাশে রাখা হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা। আর পতাকার নিচে ছড়ানো ছিল টাটকা সবুজ ঘাস।
ভবিষ্যদ্বাণী করার জন্য দুই হাতিকে যখন মাঠে ছেড়ে দেওয়া হয়, তারা কোনো দ্বিধা না করে মুহূর্তের মধ্যে হেঁটে যায় মেক্সিকোর পতাকা লাগানো ঘাসের দিকে এবং আয়েশ করে তা খেতে শুরু করে। হাতির এই ক্ষিপ্র সিদ্ধান্ত দেখে চিড়িয়াখানার দর্শকদের মাঝে করতালির ধুম পড়ে যায়। হাতিদের এমন রায় ইঙ্গিত করে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনা করবে মেক্সিকো।
চিড়িয়াখানার কর্মকর্তা ইভান রেনোসো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মূলত বিশ্বকাপ জুড়েই বিভিন্ন ম্যাচের আগে পশুদের দিয়ে এমন ভবিষ্যদ্বাণী করানোর পরিকল্পনা রয়েছে আমাদের। এই ধরনের খেলাধুলা পশুদের ইন্দ্রিয়কে দারুণভাবে উদ্দীপিত করে, পাশাপাশি বিশ্বকাপের আমেজে ঘুরতে আসা দর্শকদেরও অন্যরকম বিনোদন দেয়।’ হাতিদের পর ফুটবল জ্যামিতির এই মজার পরীক্ষায় নামানো হয়েছিল ‘চেঞ্চি’ ও ‘ফাউস্টিনা’ নামের দুটি গরিলাকে। তাদের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল স্পেন ও উরুগুয়ের জার্সি আকৃতির দুটি পিনিয়াতা (খাবারে ভরা বাক্স)। কিছুক্ষণ থমকে থাকার পর একটি গরিলা আচমকাই উরুগুয়ের জার্সিটি টেনে ছিঁড়ে ফেলে।
এতেই চিড়িয়াখানার এক কর্মী উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে এবার কে জিতছে!’ অর্থাৎ, ২৬শে জুনের ম্যাচে উরুগুয়ে হারিয়ে দেবে স্পেনকে। ভবিষ্যদ্বাণীর এই তালিকায় পিছিয়ে নেই অন্যান্য পশুরাও। ‘মুলুক’ নামের একটি চিতাবাঘ (পুমা) তার চালচলনে নিশ্চিত করেছে যে, দক্ষিণ কোরিয়া হারিয়ে দেবে চেক প্রজাতন্ত্রকে। অন্যদিকে, কঙ্গো ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে ৬টি জিরাফ একজোট হয়ে বাজি ধরেছে আফ্রিকান দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পক্ষে।
