কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী মদিনা বাসের পেছনে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল আমিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরুড়া উপজেলার মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫) ও অপর যুবক সানাউল্লাহ’র দোকানের কর্মচারী বলে জানা যায়। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন সাহা।
নিহতের মামা মাজহারুল ইসলাম জানান, আমার ভাগিনা কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস এন্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহ তার দোকানের কর্মচারীকে নিয়ে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনে নিহত হন।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন সাহা বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
