মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইনকৃত ৬ জনকে রুখে দিলো বিজিবি-গ্রামবাসি

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে জোরপূর্বক ৬ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইন প্রচেষ্টায় ব্যর্থ হয়। শনিবার ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে ওই ৬ জন কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে ৬ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করে। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের রুখে দেয়। পরে তারা আবার সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যায়।

স্থানীয়রা জানান, বিজিবি ও গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে থেকে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে। ঘটনার পর থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে বিজিবি পুশইন প্রতিরোধ করছে এবং বিএসএফকে ওই ব্যক্তিদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন