মণিপুরে হিংসা থামার কোনো লক্ষণ নেই। জাতিগত দাঙ্গা চলছেই। শুক্রবার সকালে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে কাংপোকপি জেলার কুকিদের একটি গ্রামে। সেখানে গুলি করে খুন করা হয়েছে এক দম্পতি-সহ তিনজনকে। পাশাপাশি বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ নাগা গোষ্ঠীর দিকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতকারী এদিন ভোর চারটে নাগাদ লোইবোল খুল্লেন গ্রামে ঢুকে হামলা চালায়। ঘুমন্ত অবস্থায় হামলা চালানোয় পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি গ্রামবাসী। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতকারীদের গুলিতে মৃত্যু হয়েছে লেটখনগাম হাওকিপ (৩৪), তার স্ত্রী তিনমারি হাওকিপ (৩০) এবং জঙ্গমিনলান হাওকিপের (৩৪)। সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। গোলাগুলি ও অগ্নিসংযোগের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ততক্ষণে তিনজনের মৃত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও কুকিরা আঙ্গুল তুলেছে নাগা সশস্ত্র গোষ্ঠীর দিকে।
উল্লেখ্য, মণিপুরের কাংপোকপি জেলায় বসবাসকারীদের বেশির ভাগই কুকি জনজাতির। তবে এখানে নাগা উপজাতিরও বাস রয়েছে।
কুকি সমপ্রদায়ের সংগঠন কুকি ইনপি মণিপুর শুক্রবার ভোরের হামলার নিন্দা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই নিরস্ত্র মানুষের ওপর এই হামলা মানা যায় না। স্থানীয় নির্দল বিধায়ক হাওখোলেট কিপজেন এই হামলার ঘটনার নিন্দা করেছেন। এদিকে হামলার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করছে প্রশাসন।
