পশ্চিমবঙ্গের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অবশেষে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের পর জোরদার হয়েছিল ফিরহাদ হাকিমের পদত্যাগের বিষয়টি। শুক্রবার কলকাতা পুরসভায় একটি সংবাদ বৈঠক করে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি। ২০১৮ সাল থেকে প্রায় সাড়ে সাত বছর মেয়র পদে ছিলেন ফিরহাদ। ফিরহাদকে পদত্যাগের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ আগেই জানিয়ে ছিলেন। শেষ পর্যন্ত শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে ফিরহাদ পুরসভার চেয়ারপারসন মালা রায়ের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ফিরহাদ বলেন, “দাপটের সঙ্গে কাজ করেছি। যারা পুরসভায় আসতেন, তাদের সমস্যার সমাধান করার কাজ করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না। চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে থাকলাম অথচ ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার। তাই আমি পদত্যাগ করছি।”
নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যুদস্ত হওয়ার পর থেকে কলকাতা পুরসভার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমকে কাজ করতে দেয়া হচ্ছিল না বলে অভিযোগ। ফিরহাদ আগেও দাবি করেছেন, তিনি মেয়র থাকা সত্ত্বেও পুর কমিশনারের মাধ্যমে সমস্ত কাজ দেখভাল হচ্ছে। তাই তিনি সসম্মানে পদ ছাড়তে চেয়ে দলনেত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন।
গত এক সপ্তাহে কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচিত পদাধিকারী পদত্যাগ করেছেন। সবশেষ পদত্যাগ করেছেন একজন মেয়র পারিষদও। শুক্রবার মেয়রের পদত্যাগের ফলে স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভাও হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের।
