কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

কক্সবাজারে কালভার্ট তৈরির কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরিয়ানগর এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটি নির্মাণে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইলিয়াছ ও রাকিব। তারা দু’জনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারের দরিয়ানগর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটিতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে কালভার্টের বেইজ কাটার সময় মাটিধসে চাপা পড়েন তিন শ্রমিক। এ সময় ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকেরা মাটি সরিয়ে তিনজনকে উদ্ধার করেন। তাদের গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, হতাহতরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কালভার্টের কাজ করছিলেন। মাটিচাপায় দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন